২০২৪ সালের সেই অভিশপ্ত স্মৃতি কি ফের ফিরে আসছে ২০২৬-এ? নিট ইউজি (NEET UG) পরীক্ষার স্বচ্ছতা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে গেল। রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর চাঞ্চল্যকর তদন্তে উঠে এল নিট ২০২৬-এর প্রশ্ন ফাঁসের বিস্ফোরক তথ্য। তদন্তকারীদের দাবি, ৩ মে অনুষ্ঠিত মূল পরীক্ষার অন্তত ৪৮ ঘণ্টা আগে থেকেই একটি হাতে লেখা ‘গেজ পেপার’ রাজস্থানের সিকর এলাকায় দেদার বিলি হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হল, ৭২০ নম্বরের মূল পরীক্ষার ১৪০টি প্রশ্নের সঙ্গে এই হাতে লেখা কাগজের হুবহু মিল পাওয়া গিয়েছে। অর্থাৎ, প্রায় ৬০০ নম্বরের প্রশ্ন পরীক্ষার আগেই পৌঁছে গিয়েছিল এক শ্রেণির পরীক্ষার্থীর হাতে।
গোয়েন্দা সূত্রে খবর, ১ মে সিকর এলাকায় প্রথম এই নথিটি ছড়িয়ে পড়ে। শুরুতে এর একেকটি কপি ২ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয়েছিল। তবে চাহিদার চাপে পরীক্ষার আগের রাতে সেই দাম নেমে দাঁড়ায় ২০ থেকে ৩০ হাজার টাকায়। শুধুমাত্র প্রশ্ন নয়, উত্তরের অপশনগুলোর ক্রম বা সিকোয়েন্স পর্যন্ত মূল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে, যা দেখে স্তম্ভিত দুঁদে গোয়েন্দারাও। এই ঘটনাকে নিছক ‘কাকতালীয়’ বলে মানতে নারাজ প্রশাসন।
তদন্তের জাল ছড়িয়েছে কেরল পর্যন্ত। এসওজি জানতে পেরেছে, রাজস্থানের চুরু-র বাসিন্দা এক এমবিবিএস ছাত্র, যিনি বর্তমানে কেরলের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন, তিনিই প্রথম ১ মে এই প্রশ্নপত্রটি সিকরের এক বন্ধুর কাছে পাঠান। এরপর সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন কোচিং নেটওয়ার্কের মাধ্যমে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পুলিশের হাতে এমন অনেক চ্যাট এসেছে যেখানে ‘ফরোয়ার্ডেড মেনি টাইমস’ ট্যাগযুক্ত এই ফাঁস হওয়া প্রশ্নপত্রের অস্তিত্ব মিলেছে।
এই পরিস্থিতিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ১০ মে একটি বিবৃতি জারি করেছে। তারা জানিয়েছে, রাজস্থান পুলিশের এই তদন্ত সম্পর্কে তারা অবগত। এনটিএ-র দাবি, পরীক্ষার চার দিন পর তারা প্রথম ‘অনিয়মের’ খবর পায়। তদন্তের চূড়ান্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ২০২৪ সালেও নিট নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। ২০২৬-এ ফের একই ঘটনার পুনরাবৃত্তি লক্ষ লক্ষ পড়ুয়া ও অভিভাবকদের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই—স্বচ্ছতার খাতিরে কি পুনরায় পরীক্ষা নেওয়া হবে, নাকি অন্ধকারে তলিয়ে যাবে মেধাবী পড়ুয়াদের স্বপ্ন?





