তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল, তাতে এবার ইতি পড়তে চলেছে। অভিনেতা বিজয় এবং তাঁর দল তামিলগা ভেট্টি কাজাগাম (TVK) ম্যাজিক ফিগার ছুঁতে পারবে কি না, তা নিয়ে যে দোলাচল ছিল, তার সমাধান করে দিল ভিসিকে (VCK)। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিজয়কে ‘শর্তহীন’ সমর্থন করার কথা ঘোষণা করল থল তিরুমাভালাভানের দল। ফলে দক্ষিণের এই রাজ্যে সরকার গড়ার পথে আর কোনও বাধা রইল না থালাপতির সামনে।
নির্বাচনী ফলে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে থমকে ছিল বিজয়ের টিভিকে। সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক দলের সমর্থন আসায় বিজয়ের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এর আগেই কংগ্রেস ও বামেরা সমর্থন ঘোষণা করেছিল, আর এবার ভিসিকে-র দুই বিধায়কের সমর্থন মেলায় ‘ম্যাজিক ফিগার’ ১২০-তে পৌঁছে গেল বিজয়ের জোট।
কেন এই ‘শর্তহীন’ সমর্থন?
রাজনৈতিক মহলে প্রশ্ন ছিল, ভিসিকে কি কোনও বড় পদের বিনিময়ে সমর্থন দেবে? তবে এদিন দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমর্থন সম্পূর্ণ নিঃশর্ত। মূলত রাজ্যে একটি স্থিতিশীল সরকার গঠন এবং ডিএমকে-পরবর্তী এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতেই তাঁরা বিজয়ের হাত ধরছেন। ভিসিকে-র এই সিদ্ধান্ত বিজয়ের জন্য বড় স্বস্তি নিয়ে এল, কারণ এর ফলে অন্য কোনও ছোট দলের ওপর নির্ভরতা অনেকটাই কমে গেল তাঁর।
বিজয়ের মসনদে বসা কি এখন সময়ের অপেক্ষা?
কংগ্রেসের ৫ জন, বামেদের ৪ জন, এবং এখন ভিসিকে ও আইইউএমএল-এর সমর্থন পাওয়ার পর বিজয়ের পাল্লা ভারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই নতুন জোটে সবকটি দলই ডিএমকে-র বিরুদ্ধে একজোট হয়েছে, যা স্ট্যালিন শিবিরের জন্য বড় মাথাব্যথার কারণ। অন্যদিকে, ভিসিকে-র এই পদক্ষেপের পর রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানানো এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।
থালাপতি বিজয় এখন পর্দার বাইরেও নিজের রাজনৈতিক চিত্রনাট্যে সফল। তাঁর নেতৃত্বে তামিলনাড়ুতে এক নতুন সরকার এবং নতুন রাজনীতির উদয় হতে চলেছে, যার মধ্যমণি হিসেবে থাকছেন খোদ সুপারস্টার।





