গণনাকেন্দ্রে ঢুকতে লাগবে ‘কিউআর কোড’! নজিরবিহীন কড়াকড়ি কমিশনের, ফল ঘোষণার আগেই বড় আপডেট

ভোট মিটতেই এখন সবার নজর আগামী ৪ মে-র দিকে। ভোটের লড়াই শেষ, এবার শুরু ফলাফলের অপেক্ষা। তবে গণনাকেন্দ্রের নিরাপত্তা নিয়ে এবার এক চুলও জমি ছাড়তে নারাজ নির্বাচন কমিশন। কারচুপি রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এবার গণনাকেন্দ্রে আনা হচ্ছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। পরিচয় পত্রে কিউআর কোড (QR Code) থেকে শুরু করে ত্রি-স্তরীয় নিরাপত্তা—সব মিলিয়ে কার্যত দুর্ভেদ্য হতে চলেছে কাউন্টিং সেন্টারগুলো।

নিরাপত্তার তিন স্তর এবং কিউআর কোড কমিশন সূত্রে খবর, এবার গণনাকেন্দ্রের নিরাপত্তায় কোনো ফাঁক রাখা হচ্ছে না। প্রথম ও দ্বিতীয় স্তরে রিটার্নিং অফিসারের ইস্যু করা পরিচয় পত্র ম্যানুয়ালি পরীক্ষা করা হবে। কিন্তু আসল চমক থাকছে তৃতীয় তথা একদম ভেতরের স্তরে। গণনাকক্ষের ঠিক আগে এবার থাকবে কিউআর কোড স্ক্যানিং ব্যবস্থা। পরিচয় পত্রে থাকা কিউআর কোড সফলভাবে স্ক্যান হলেই কেবল ভেতরে প্রবেশের অনুমতি মিলবে। কাউন্টিং স্টাফ থেকে শুরু করে প্রার্থীর এজেন্ট—সবার জন্যই এই নিয়ম বাধ্যতামূলক।

রি-পোল নিয়ে কী জানালেন সিইও? ভোট পরবর্তী হিংসা বা ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে যখন রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে, ঠিক তখনই রি-পোল বা পুনর্নির্বাচন নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। তিনি স্পষ্ট জানিয়েছেন, যেখানে যেখানে ইভিএম (EVM) বিকল হওয়া বা কারচুপির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, সেখানে নিয়ম মেনেই পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হবে। স্ক্রুটিনির রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

নিশ্ছিদ্র পাহারায় স্ট্রং রুম ভোটের পর থেকেই ইভিএমগুলো রয়েছে কড়া পাহাড়ায়। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকা স্ট্রং রুমের নিরাপত্তা নিয়েও কমিশন সন্তোষ প্রকাশ করেছে। কোনোভাবেই যাতে গণনার দিন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

গণনার দিন সাংবাদিক বন্ধুদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রের পাশেই তৈরি করা হচ্ছে বিশেষ ‘মিডিয়া সেন্টার’। তবে সেখানেও প্রবেশের ক্ষেত্রে কমিশনের দেওয়া অথোরাইজেশন লেটার থাকা বাধ্যতামূলক। সব মিলিয়ে ৪ মে-র মহাযুদ্ধের ফলাফল ঘোষণার আগে নির্বাচন কমিশনের এই প্রস্তুতি সাধারণ মানুষের মনে আস্থা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy