আইপিএলের (IPL 2026) বাইশ গজে এখন একটাই নাম— বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই যে ঝোড়ো গতিতে সে রান তুলছে, তাতে ঘুম উড়েছে তাবড় তাবড় বোলারদের। তবে বৈভবের এই বিধ্বংসী ব্যাটিং দেখে বিস্ময় নয়, বরং ‘ষড়যন্ত্র’ খুঁজে পেয়েছিলেন পাকিস্তানি ক্রিকেট বিশেষজ্ঞ নোমান নিয়াজ। তাঁর বিতর্কিত দাবি ছিল, বৈভবের ব্যাটে নাকি কোনো অত্যাধুনিক AI চিপ লাগানো আছে, যার সাহায্যে সে মাঠের চারদিকে অবলীলায় শট খেলছে। অবশেষে সেই চিপ বিতর্কের মুখে দাঁড়িয়ে পাকিস্তানি বিশেষজ্ঞকে এক হাত নিল বিহারের এই তরুণ তুর্কি।
বিতর্কের সূত্রপাত হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বৈভবের ৩৬ বলে করা সেই অবিশ্বাস্য সেঞ্চুরির পর। নোমান নিয়াজ তাঁর ইউটিউব চ্যানেলে সরাসরি প্রশ্ন তোলেন বৈভবের ব্যাটের স্বচ্ছতা নিয়ে। তিনি বলেন, “কে এই বৈভব? যে ভাবে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ডোপ পরীক্ষা করে, সেভাবেই বৈভবের ব্যাট পরীক্ষা করা উচিত। আমার সন্দেহ, ও ব্যাটে কোনো চিপ ব্যবহার করছে যা ওকে নিখুঁত টাইমিংয়ে সাহায্য করছে।” নিয়াজের এই হাস্যকর দাবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা।
এবার রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বৈভবকে সরাসরি এই প্রশ্নটি করা হয়। সঞ্চালক মজার ছলে জিজ্ঞাসা করেন, “সত্যিই কি তোমার ব্যাটে কোনো AI চিপ লাগানো আছে?” উত্তরে হাসিমুখে বৈভব যা বলল, তাতে নেটিজেনদের মন জয় করে নিয়েছে সে। বৈভব বলে, “হ্যাঁ, চিপ তো আছেই। তবে সেটা স্বয়ং ঈশ্বর লাগিয়ে দিয়েছেন। তিনি ওপর থেকেই আমাকে বলেছিলেন, তোমার ব্যাটটা দাও, একটা জিনিস লাগিয়ে দিচ্ছি। সেই ব্যাট দিয়েই তো আমি খেলছি।”
মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের এই আসরে ৯ ম্যাচে ৪০০ রান পার করে ফেলেছে বৈভব। গত মৌসুমেও একটি সেঞ্চুরি ছিল তার ঝুলিতে। পাকিস্তানি বিশেষজ্ঞের অমূলক অভিযোগকে যেভাবে অত্যন্ত শান্ত ও রসিক মেজাজে সে উড়িয়ে দিয়েছে, তাতে ক্রিকেটপ্রেমীরা বলছেন, বৈভবের ব্যাটে নয় বরং ওর মাথায় অত্যন্ত ধারালো বুদ্ধি এবং মনে অসম্ভব সারল্য আছে। নোমান নিয়াজের মতো সমালোচকদের জবাব দিতে যে কোনো ল্যাবরেটরির প্রয়োজন নেই, বরং মাঠের পারফরম্যান্সই যথেষ্ট, তা আরও একবার প্রমাণ করে দিল রাজস্থান রয়্যালসের এই তরুণ নক্ষত্র।





