কেতুগ্রামে ভোট লুঠের ছক? বিজেপি প্রার্থীর নিশানায় শাহনওয়াজ ও কাজল শেখ, কমিশনকে ঘিরে তীব্র ক্ষোভ!

রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তপ্ত পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। বীরভূম ও মুর্শিদাবাদ থেকে আসা বহিরাগতরা কেতুগ্রাম বিধানসভা এলাকায় ঢুকে ভোটারদের প্রভাবিত করছে— এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী অনাদি ঘোষ। তাঁর দাবি, বিশেষত হিন্দু ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং তাঁদের ওপর ফতোয়া জারি করা হয়েছে।

কাজল শেখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ:
বিজেপি প্রার্থী অনাদি ঘোষ সরাসরি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখের দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, কাজল শেখের ‘বাহিনী’ কেতুগ্রামের বুথগুলোতে হিন্দু সনাতনীদের ভোটদানে বাধা দিচ্ছে। অনাদিবাবু বলেন, “হিন্দু ভোটারদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। তাঁদের ভোট দেওয়ার সময় বেঁধে দিচ্ছে তৃণমূলের লোকজন। বলা হচ্ছে, তৃণমূলের নির্দেশ পেলেই তাঁরা বুথে যেতে পারবেন, তার আগে নয়।”

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন:
কমিশন বহিরাগত মুক্ত ভোটের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই বলে দাবি বিজেপির। অনাদি ঘোষের কথায়, “মুর্শিদাবাদ ও বীরভূম লাগোয়া বুথগুলোতে চূড়ান্ত রিগিং চলছে। আমি ক্রমাগত কমিশনকে জানাচ্ছি, কিন্তু তাদের তরফ থেকে ‘দেখছি-দেখব’ ছাড়া কোনো সদর্থক ভূমিকা নেই। পুলিশ প্রশাসনও নির্বিকার।”

পুনর্নির্বাচনের হুঁশিয়ারি:
কেতুগ্রামের তিনবারের বিধায়ক শেখ শাহনওয়াজের বিরুদ্ধেও তোপ দাগেন বিজেপি প্রার্থী। তিনি সাফ জানান, যেসব বুথে কাজল শেখের প্রভাবে ভোট প্রক্রিয়া ব্যাহত হয়েছে, সেখানে তাঁরা পুনর্নির্বাচনের দাবি জানাবেন। তাঁর মতে, কেতুগ্রামে হিন্দু বা মুসলিম কোনো সাধারণ মানুষই সরকারি সুবিধা পান না, আর আজ পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে অবাধে ছাপ্পা ভোটের চেষ্টা চলছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy