প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা নিয়ে এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আর মাসের পর মাস অপেক্ষা নয়, চিকিৎসার খরচ হোক বা পারিবারিক জরুরি প্রয়োজন— এবার এটিএম (ATM) থেকে টাকা তোলার মতোই সহজ হতে চলেছে পিএফ (PF) থেকে অর্থ উত্তোলন। কেন্দ্রীয় সরকারের আসন্ন ‘ইপিএফও ৩.০’ (EPFO 3.0) প্রকল্পে এবার যুক্ত হতে চলেছে ইউপিআই (UPI) এবং এটিএম সুবিধা।
কবে থেকে শুরু হচ্ছে এই পরিষেবা?
সূত্রের খবর, আগামী মে মাস থেকেই এই যুগান্তকারী পরিষেবা চালু হতে পারে। আগে পিএফ-এর টাকা তোলার জন্য আবেদন করার পর দিনের পর দিন অপেক্ষা করতে হতো গ্রাহকদের। নতুন সিস্টেমে সেই ঝক্কি আর থাকছে না। ইমার্জেন্সিতে তৎক্ষণাৎ টাকা পেয়ে যাবেন চাকরিজীবীরা।
এটিএম থেকে কত টাকা তোলা যাবে?
এটিএম বা ইউপিআই থেকে টাকা তোলার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম ও ‘উইথড্রয়াল লিমিট’ থাকছে:
সর্বাধিক সীমা: গ্রাহকরা তাঁদের মোট পিএফ ব্যালেন্সের ৫০ থেকে ৭৫ শতাংশ টাকা তুলতে পারবেন।
ন্যূনতম ব্যালেন্স: ভবিষ্যতের সম্বল হিসেবে অ্যাকাউন্টে অন্তত ২৫ শতাংশ টাকা জমা রাখা বাধ্যতামূলক।
ইউপিআই লিমিট: প্রাথমিক স্তরে ইউপিআই বা এটিএম ট্রানজাকশনের সীমা প্রতিবার ২৫ হাজার টাকা পর্যন্ত রাখা হতে পারে। অর্থাৎ, একবারে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না।
কোন কোন প্রয়োজনে মিলবে সুবিধা?
আগে পিএফ উত্তোলনের ক্ষেত্রে অনেক জটিল নিয়ম থাকলেও বর্তমানে তা সরলীকরণ করে মূলত তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়েছে। চিকিৎসা, শিক্ষা, বিবাহ কিংবা বাড়ি তৈরির মতো গুরুত্বপূর্ণ প্রয়োজনে গ্রাহকরা এই সুবিধা ভোগ করতে পারবেন।
দীর্ঘদিন ধরেই গ্রাহকদের পক্ষ থেকে এই দাবি ছিল। অবশেষে ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও একধাপ এগিয়ে ইপিএফও-কে আরও গ্রাহকবান্ধব করার লক্ষ্যেই এই মেগা প্ল্যান বাস্তবায়ন করতে চলেছে শ্রম মন্ত্রক।





