মমতার মানবিক মুখ! বেহালার সভায় অসুস্থ মহিলা সমর্থক, নিজে গিয়ে নাড়ি টিপে দেখলেন মুখ্যমন্ত্রী

বেহালায় নির্বাচনী জনসভায় এক অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল আমজনতা। তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে আচমকা বক্তব্য থামিয়ে এক অসুস্থ মহিলা সমর্থকের পাশে গিয়ে দাঁড়ালেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, চিকিৎসার প্রাথমিক ধাপ হিসেবে নিজেই ওই মহিলার পালস বিট বা নাড়ি পরীক্ষা করে দেখেন তিনি।

ঠিক কী ঘটেছিল?
শনিবার বেহালা পূর্বের প্রার্থী শুভাশিস চক্রবর্তী এবং বেহালা পশ্চিমের রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করছিলেন তৃণমূল নেত্রী। তীব্র গরমে ভিড়ের মধ্যে আচমকাই এক মহিলা সমর্থক সংজ্ঞা হারিয়ে পড়ে যান। বিষয়টি নজরে আসতেই মমতা ভাষণ থামিয়ে মঞ্চ থেকে নেমে সরাসরি ওই মহিলার কাছে পৌঁছে যান। নিজেই তাঁর নাড়ি পরীক্ষা করেন এবং তড়িঘড়ি দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে অ্যাম্বুলেন্স আনিয়ে তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

ইস্তাহারের ‘দুয়ারে স্বাস্থ্য’ প্রকল্পের প্রচার:
মঞ্চে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার রেশ ধরেই সাধারণ মানুষকে স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “আজকাল হার্ট অ্যাটাক বেড়ে গিয়েছে। আমরা অনেক সময় হাই ব্লাড প্রেশার চেক করি না। তাই এবার আমরা ঠিক করেছি, ব্লকে ব্লকে ‘দুয়ারে স্বাস্থ্য’ পরিষেবা পৌঁছে দেব।” তিনি আরও জানান, ক্ষমতায় এলে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সুবিধা পৌঁছে দেওয়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য।

চৌরাস্তায় স্লোগান যুদ্ধ:
এদিন বেহালার রাজনৈতিক আবহ ছিল তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার ঠিক আগেই ওই এলাকা দিয়ে যাচ্ছিল সিপিএম প্রার্থী নীহার ভক্ত এবং নিলয় মজুমদারের সমর্থনে মহামিছিল, যেখানে উপস্থিত ছিলেন বৃন্দা কারাত। সিপিএমের মিছিল দেখে তৃণমূল সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে উত্তেজনার মধ্যেই সৌজন্য বজায় রেখে তৃণমূল কর্মীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় সিপিএম প্রার্থী নীহার ভক্তকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy