ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের প্রতিভাদের কুর্নিশ জানাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম TIME। এবার সরাসরি ভারতে শুরু হচ্ছে তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘TIME100 Next’-এর নতুন সংস্করণ। রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে চালু হতে যাওয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘TIME100 Next India’। নিউ ইয়র্কের বার্ষিক TIME100 গালা অনুষ্ঠানে এই ঘোষণা করেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা মুকেশ আম্বানি এবং TIME-এর সিইও জেসিকা সিবলি।
কী এই ‘TIME100 Next India’? এটি মূলত এমন এক প্ল্যাটফর্ম যা ভারতের বিজ্ঞান, ব্যবসা, ক্রীড়া, শিল্প ও সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কাজ করা ১০০ জন উদীয়মান নেতাকে বিশ্বমঞ্চে তুলে ধরবে। এই তালিকাটি সরাসরি TIME-এর আন্তর্জাতিক সম্পাদকীয় টিম প্রস্তুত করবে।
মুম্বইয়ে মহোৎসব: ২০২৬ সালের ডিসেম্বর মাসে মুম্বইয়ের বিশ্ববিখ্যাত নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) একটি বর্ণাঢ্য গালা অনুষ্ঠানের মাধ্যমে এই ১০০ জন বিজয়ীকে সম্মান জানানো হবে। নীতা আম্বানি এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, “ভারতের ভবিষ্যৎ গড়তে আগামী প্রজন্মের প্রতিভাকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। বিশ্বের সেরা জিনিস ভারতে আনা এবং ভারতের সেরাকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”
রিলায়েন্সের মুকুটে নয়া পালক: ভারতের বৃহত্তম বেসরকারি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই বৈশ্বিক স্তরে নিজের জায়গা মজবুত করেছে। ২০২৪ সালে TIME-এর ‘বিশ্বের ১০০ প্রভাবশালী সংস্থা’র তালিকায় একমাত্র ভারতীয় সংস্থা হিসেবে দু’বার জায়গা করে নিয়েছে রিলায়েন্স। এবার TIME-এর সঙ্গে এই অংশীদারিত্ব ভারতের তরুণ নেতৃত্বকে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





