নেতাজির বাণী স্বামীজির মুখে! বাংলার মাটিতে দাঁড়িয়ে এ কী বলে ফেললেন যোগী? তোলপাড় রাজ্য রাজনীতি

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে প্রচারের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই এক বিশাল ‘ভুল’ করে বিতর্কের কেন্দ্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুরুলিয়ার কোটশিলার জনসভায় ভাষণ দিতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর কালজয়ী স্লোগানকে তিনি জুড়ে দিলেন স্বামী বিবেকানন্দের নামে!

ঠিক কী ঘটেছিল? সোমবার জয়পুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতোর সমর্থনে প্রচারে এসেছিলেন যোগী। বিশাল জনসমুদ্রের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে বসেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন— তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” যদিও পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে তিনি সংশোধন করে বলেন, এই অমর বাণী নেতাজির। কিন্তু ততক্ষণে আগুনের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর সেই বক্তৃতার ক্লিপ।

“ফ্যান্টা খান, বাংলাকে একা ছাড়ুন”: তোপ মহুয়ার এই ভুলকে হাতিয়ার করে আসরে নামতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। কড়া ভাষায় আক্রমণ শানিয়ে মহুয়া মৈত্র বলেন, “হ্যালো বুলডোজার বুদ্ধি! তথ্য ঠিক করুন। দয়া করে উত্তরপ্রদেশে ফিরে যান, ফ্যান্টা খান আর বাংলাকে একা থাকতে দিন। আপনি হাস্যকর।”

ইতিহাস বিকৃতির অভিযোগ শশী পাঁজার: রাজ্যের মন্ত্রী শশী পাঁজার গলায় শোনা গেল চরম বিদ্রূপ। তিনি বলেন, “এরা বাংলাকে চেনে না, বাঙালির আবেগও বোঝে না। বাঙালির ইতিহাস বিকৃত করাই এদের লক্ষ্য। ইভিএমেই মানুষ এর যোগ্য জবাব দেবে।” শুধু তৃণমূল নয়, জেলা কংগ্রেসের পক্ষ থেকেও যোগীকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করা হয়েছে।

পাল্টা সাফাই বিজেপির: তবে এই অস্বস্তিকর পরিস্থিতি ধামাচাপা দিতে মাঠে নেমেছে বিজেপি নেতৃত্ব। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দাবি, যোগীর সভায় রেকর্ড ভিড় দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, তাই তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে রাজনীতি করছে। জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভুল মানুষমাত্রই হয়, তবে তা সাথে সাথে শুধরে নেওয়াটাই বড় মনের পরিচয়।

ভোটের মুখে যোগীর এই ‘স্লোগান-বিভ্রাট’ যে বাংলার বুদ্ধিজীবী মহল থেকে সাধারণ ভোটারের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy