জাপানে মহাপ্রলয়ের সংকেত! রিখটার স্কেলে ৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের চরম সতর্কতা

জাপানের উত্তর উপকূলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই নতুন এক মহাবিপর্যয়ের আশঙ্কায় কাঁপছে সূর্যোদয়ের দেশ। গতকাল রিখটার স্কেলে ৭.৭ মাত্রার একটি তীব্র কম্পন অনুভূত হওয়ার পর, জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (JMA) এক চাঞ্চল্যকর সতর্কবার্তা জারি করেছে। জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে জাপানে আরও ভয়াবহ এবং শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে, যার মাত্রা রিখটার স্কেলে ৮.০ পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

গতকাল স্থানীয় সময় বিকেল ৪টে ৫৩ মিনিটে (ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট) উত্তর জাপানের সানরিকু উপকূল কেঁপে ওঠে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, উৎপত্তিস্থল থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী টোকিওতেও প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক রিপোর্টে বেশ কিছু জায়গায় পাঁচিল ধসে পড়ার খবর পাওয়া গিয়েছে। ভূমিকম্পের পরপরই সমুদ্রের ঢেউ ৩ মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে বলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। ইওয়াতে প্রদেশের কুজি বন্দরে ৮০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়লেও, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

তবে আসল দুশ্চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পরবর্তী পূর্বাভাস। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান কম্পনটি একটি বৃহত্তর বিপর্যয়ের পূর্বাভাস হতে পারে। আগামী সপ্তাহে যদি ৮ মাত্রার কম্পন অনুভূত হয়, তবে বিধ্বংসী সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০১১ সালের সেই ভয়াবহ স্মৃতি এখনও জাপানিদের মনে দগদগে, যেখানে ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারিয়েছিলেন ১৮ হাজারেরও বেশি মানুষ। বর্তমান পরিস্থিতিতে দেশটির উপকূলীয় অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy