প্রথম দফার আগে জঙ্গলমহলে মোদী-ঝড়! রবিবার বাঁকুড়া থেকে মেদিনীপুর— ৪ জনসভায় প্রচার সারবেন প্রধানমন্ত্রী

রাজ্যে প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু। আগামী বৃহস্পতিবার ১৫২টি আসনে ভোটগ্রহণ। তার ঠিক আগেই শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে জঙ্গলমহলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার রাতেই তিনি অন্ডাল বিমানবন্দরে নামছেন এবং রাত কাটাবেন দুর্গাপুরে।

রবিবাসরীয় প্রচারের সূচি:
রবিবার সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রীর ম্যারাথন সভা শুরু হবে। একনজরে দেখে নিন সময়সূচি:

সকাল ১১:০০ টা: বাঁকুড়ার বড়জোড়া। এখানে বাঁকুড়ার ১২টি আসনের সব প্রার্থী মোদীর সঙ্গে মঞ্চে থাকবেন।

দুপুর ১২:৪৫ টা: পুরুলিয়ার বলরামপুর। গতবার ৯টির মধ্যে ৬টি আসনে জিতেছিল বিজেপি, এবার লক্ষ্য সবকটি।

দুপুর ২:৪৫ টা: ঝাড়গ্রাম শহর।

বিকেল: মেদিনীপুর। এই সভায় মোদীর পাশে থাকবেন খড়গপুর সদরের হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ।

জঙ্গলমহলে বিজেপির ‘পাখির চোখ’:
জঙ্গলমহলের চার জেলা— বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর মিলিয়ে মোট ৪০টি আসন রয়েছে। গেরুয়া শিবিরের লক্ষ্য এই ৪০টির মধ্যে অন্তত ২৫-৩০টি আসন পকেটে পোরা। মোদীর এই ঝটিকা সফর অ্যান্টি-ইনকাম্বেন্সি হাওয়াক বিজেপির পালে কতটা টানতে পারে, সেটাই এখন দেখার।

ভোটের দিন হাওড়ায় রোড শো:
প্রধানমন্ত্রী কেবল জঙ্গলমহলেই সীমাবদ্ধ থাকছেন না। আগামী ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের দিনই হাওড়ার সালকিয়াতে একটি বর্ণাঢ্য রোড শো করার কথা রয়েছে তাঁর। ওই দিন তিনি বেলুড় মঠেও যেতে পারেন। এছাড়া ওইদিনই নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করার পরিকল্পনা রয়েছে মোদীর। উল্লেখ্য, দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy