সারাদেশে টোল ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে বড়সড় পদক্ষেপ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। গত ১৫ এপ্রিল জারি করা এক কড়া নির্দেশিকায়, এনএইচএআই সমস্ত ফাস্টট্যাগ প্রদানকারী ব্যাঙ্কগুলিকে তাদের ইস্যু করা ট্যাগ এবং সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অবিলম্বে যাচাই করার নির্দেশ দিয়েছে।
কেন এই কড়াকড়ি?
সম্প্রতি টোল প্লাজাগুলিতে দেখা যাচ্ছে, ফাস্টট্যাগ রিডারে যে গাড়ির নম্বর ফুটে উঠছে তার সঙ্গে গাড়ির আসল লাইসেন্স প্লেটের নম্বরের মিল নেই। এই ধরনের অমিল শুধুমাত্র টোল সিস্টেমের নির্ভরযোগ্যতাই কমায় না, বরং আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও বড় ঝুঁকি তৈরি করে। মূলত পুরনো ফাস্টট্যাগগুলি, যা ‘বাহন’ (VAHAN) ডেটাবেসের সাথে সংযুক্ত হওয়ার আগে ইস্যু করা হয়েছিল, সেগুলিতেই এই ত্রুটি বেশি দেখা যাচ্ছে।
ব্ল্যাকলিস্টেড হবে ভুল ফাস্টট্যাগ:
এনএইচএআই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে, যেসব ফাস্টট্যাগে ভুল বা অবৈধ গাড়ির নম্বর রয়েছে, সেগুলিকে দ্রুত শনাক্ত করে অবিলম্বে ‘ব্ল্যাকলিস্ট’ বা কালো তালিকাভুক্ত করতে হবে। ভবিষ্যতে ‘মাল্টি-লেন ফ্রি ফ্লো’ (MLFF) টোলিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের, যেখানে গাড়ি না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোল কাটা হবে। সেই ব্যবস্থায় গাড়ির সঠিক ডিজিটাল তথ্য থাকা বাধ্যতামূলক। নিয়ম লঙ্ঘন করলে মোটরযান আইন ১৯৮৮ অনুযায়ী কড়া আইনি ব্যবস্থা ও ই-নোটিশ পাঠানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।





