আগামী শনিবার, ১৮ই এপ্রিল কি লোকাল ট্রেনে যাতায়াতের পরিকল্পনা রয়েছে? তবে এখনই সতর্ক হওয়া জরুরি। পরিকাঠামো উন্নয়নের বড়সড় কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে একযোগে বাতিল করা হয়েছে ১৬টি লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, ব্যান্ডেল-কাটোয়া শাখায় আন্ডারপাস নির্মাণ এবং ব্যান্ডেল স্টেশনে ডায়মন্ড ক্রসিংয়ের কাজের জন্য এদিন সকাল ৮টা ৫০ মিনিট থেকে দুপুর ৩টে ১০ মিনিট পর্যন্ত দীর্ঘ সময় ‘ট্রাফিক ও পাওয়ার ব্লক’ থাকবে। ফলে সপ্তাহান্তের শুরুতেই চরম দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।
বাতিল ট্রেনের তালিকায় যা থাকছে:
শনিবার হাওড়া-কাটোয়া শাখায় আপ লাইনের সকাল ৮টা, ১০টা এবং বেলা ১২টা ১০ মিনিটের ট্রেনগুলি বাতিল থাকবে। ডাউন লাইনে কাটোয়া থেকে হাওড়াগামী সকাল ৭টা ৪৫, ১০টা ২০ এবং দুপুর ২টো ৪৫ মিনিটের লোকাল ট্রেনও চলবে না।
অন্যদিকে, ব্যান্ডেল-কাটোয়া রুটে ভোগান্তি হবে চরমে। ব্যান্ডেল থেকে সকাল ৮টা ১০, দুপুর ১২টা ১৫ এবং ২টো ১০-এর আপ লোকাল এবং কাটোয়া থেকে ব্যান্ডেলগামী সকাল ৮টা ৪৫, বেলা ১১টা ১০ এবং দুপুর ১টার ডাউন লোকালগুলি বাতিল করা হয়েছে। শিয়ালদহ শাখাতেও প্রভাব পড়বে; শিয়ালদহ থেকে সকাল ৮টা ৬-এর কাটোয়া লোকাল এবং কাটোয়া থেকে বিকেল ৩টে ৫০-এর শিয়ালদহ লোকাল বাতিল থাকছে। এছাড়া ব্যান্ডেল-আজিমগঞ্জ ও আজিমগঞ্জ-ব্যান্ডেল গামী দুটি লোকালও বাতিল করা হয়েছে।
এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন:
লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনের যাত্রীদেরও সমস্যার মুখে পড়তে হবে। ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে ৪ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। আবার ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ৩ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে, অর্থাৎ বিকেল ৫টা ৪৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে রওনা দেবে। রেলের পক্ষ থেকে যাত্রীদের এই পরিবর্তিত সময়সূচি মাথায় রেখেই সফরের পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।





