ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করেই পার হলো চিনা ট্যাঙ্কার! হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম উত্তেজনার মাঝেই আশার আলো দেখছে কূটনৈতিক মহল। আগামী বৃহস্পতিবারের মধ্যে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এপি’ সূত্রে খবর। দুই পক্ষই নীতিগতভাবে ফের বৈঠকে বসতে রাজি হয়েছে। তবে বৈঠকের স্থান নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কিংবা সুইজারল্যান্ডের জেনেভার কথা ভাবা হচ্ছে। রয়টার্স জানিয়েছে, পাকিস্তান এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে।

অন্যদিকে, মার্কিন নৌবাহিনীর কড়া অবরোধ ফুঁসে দিয়েই হরমুজ প্রণালী পার করল একটি চিনা ট্যাঙ্কার। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ‘রিচ স্টারি’ নামক মাঝারি আকারের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২.৫ লক্ষ ব্যারেল মিথানল নিয়ে সমুদ্রপথ অতিক্রম করেছে। ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্যে এই চাঞ্চল্যকর খবর সামনে এসেছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়েছিলেন যে, ইরানকে টোল দেওয়া কোনও জাহাজ আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ থাকবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোমবার সকাল থেকেই হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছিল। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যেই চিনা জাহাজের এই পদক্ষেপ এবং সম্ভাব্য শান্তি বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy