প্রথম দফার ভোটের ঠিক আগে রণক্ষেত্র মুর্শিদাবাদে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বেলডাঙা থানার এসডিপিও-র পর এবার বদলি করা হল আইসি-কেও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওই এলাকা পরিদর্শনের পরপরই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। হাওড়া থানার আশুতোষ রায়কে অবিলম্বে বেলডাঙা থানার আইসি হিসেবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্য পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
অন্যদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ভার্চুয়ালি আয়োজিত এই বৈঠকে মূলত স্পর্শকাতর অঞ্চলগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোটের দিন অশান্তি রোখার রণকৌশল নিয়ে আলোচনা হবে। কমিশনের উদ্বেগ, অতীতে যে সমস্ত বুথে অশান্তি হয়েছে, সেখানে ভোটদানের হার কম। তাই ভোটারদের ভয় কাটাতে জেলাশাসক ও পুলিশ সুপারদের আগামী ২-৩ দিনের মধ্যে সশরীরে এলাকায় গিয়ে রুট মার্চ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।





