খাস কলকাতায় আক্রান্ত প্রিয়াঙ্কা টিব্রেওয়াল! ধাপায় বিজেপি প্রার্থীর ওপর ‘হামলা’ তৃণমূলের

ভোটমুখী এন্টালি বিধানসভা কেন্দ্রে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। মঙ্গলবার ধাপায় প্রচারে গিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের হাতে হেনস্থা ও বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তাঁর দাবি, প্রচারে গিয়ে বিজেপির ইশতেহার বিলি করার সময় তৃণমূলের মহিলা কর্মীরা তাঁকে ঘিরে ধরেন এবং বিজেপি কর্মীদের মারধর করা হয়।

প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন, শুধু ধাপাই নয়, ট্যাংরা এবং তপসিয়াতেও তাঁকে বাধার মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, “তৃণমূল আমাদের আটকেছিল, সিআরপিএফ আমাদের উদ্ধার করে। ওদের কাছে অস্ত্র ছিল। পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।” তিনি আরও দাবি করেন যে, সুষ্ঠু ভোটের স্বার্থে সিআরপিএফ-কে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া এবং অভিযুক্ত ওসি-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে এন্টালি কেন্দ্রটি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তিনবারের বিধায়ক স্বর্ণকমল সাহা এবার প্রার্থী না হলেও, তৃণমূল তাঁর ছেলে সন্দীপন সাহাকে ময়দানে নামিয়েছে। অন্যদিকে, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে লড়েছিলেন। এবার এন্টালিতে তৃণমূলের ‘পরিবারতন্ত্র’ এবং উন্নয়নের ইস্যুকে হাতিয়ার করে প্রচারে নেমেছেন তিনি। উত্তরপাড়া থেকে কল্যান বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষাণ্য কিংবা মানিকতলায় শ্রেয়া পাণ্ডের মতো এন্টালিতেও লড়াই এবার ‘বংশ বনাম পরিবর্তনের’।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy