বাংলার বিধানসভা নির্বাচনের উত্তাপ চরমে, আর এরই মাঝে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্দেলের গ্রেফতারি নিয়ে বারুদে ঠাসা মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়লা, বালি ও গরু পাচারের টাকা সরাসরি রাজনীতিতে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, এই গ্রেফতারি আদতে একটি ‘ট্রেলার’ মাত্র।
খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, বছরের পর বছর ধরে চলা এই দুর্নীতির শিকড় অনেক গভীরে। তাঁর মতে, কেন্দ্রীয় সংস্থাগুলোর উচিত দুর্নীতির পাণ্ডাদের খুঁজে বের করা। তিনি হুঙ্কার দিয়ে বলেন, “৪ মে বিজেপি সরকার গড়লেই সমস্ত দুর্নীতিবাজদের সাফ করে জেলে পোরা হবে।” এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ও জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েটদের নাম বিভিন্ন কেলেঙ্কারিতে জড়ানোয় দিলীপের এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে চলমান মামলার আবহে এই নতুন গ্রেফতারি শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতির এই চক্র ভাঙা নতুন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হলেও, দিলীপের মেজাজ বুঝিয়ে দিচ্ছে ভোটের ময়দানে ‘দুর্নীতি’ই হতে চলেছে প্রধান অস্ত্র।





