জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে আসতে চলেছে এক রুদ্ধশ্বাস মোড়। গোরার সম্মান বাঁচাতে গিয়ে এবার নিজের জীবনের বাজি ধরল অদ্বিতীয়া। ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শক মহলে। দেখা যাচ্ছে, খলনায়ক পুলস্তর একের পর এক ষড়যন্ত্রে নাস্তানাবুদ গোরা। চক্রান্ত করে গোরার ওপর পরিচারিকা বিনার শ্লীলতাহানির মিথ্যে অপবাদ চাপানো হয়েছে, আর বিনাকে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে তার ছেলে গোপালকে কিডন্যাপ করে।
তবে দিতি (অদ্বিতীয়া) সবটা বুঝে ফেলায় ঘটে বিপত্তি। গোরা ও গোপালকে উদ্ধার করতে গিয়ে সে নিজেই পড়ে যায় মৃত্যুর ফাঁদে। প্রোমোতে দেখা যাচ্ছে, একটি ঘাতক রোবট পুতুল বোমা নিয়ে এগিয়ে আসছে দিতি ও গোপালের দিকে। বাঁচার পথ যখন রুদ্ধ, তখনই অলৌকিকভাবে আবির্ভূত হন মহাপ্রভু। তিনি তাঁর উত্তরীয় দিয়ে আগলে রাখেন দিতি ও খুদে গোপালকে।
কিছুক্ষণ পরেই এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোরা। আতঙ্কে শিউরে ওঠেন ভক্তরা—তবে কি শেষ হয়ে গেল দিতি? নাকি মহাপ্রভুর কৃপায় রক্ষা পাবে সে? পুলস্তর মুখোশ কি এবার সবার সামনে টেনে ছিঁড়ে দিতে পারবে অদ্বিতীয়া? টানটান উত্তেজনার এই পর্ব দেখতে এখন মুখিয়ে আছেন সিরিয়াল প্রেমীরা।





