চৈত্রের শেষেই বৈশাখের রুদ্ররূপ! আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বৃষ্টির বড় কোনো সম্ভাবনা নেই, উল্টে দ্রুত বাড়ছে তাপমাত্রার পারদ। পয়লা বৈশাখেও মিলবে না স্বস্তি। উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং গাঙ্গেয় বঙ্গে শুষ্ক বাতাসের প্রবেশের ফলে বাড়ছে উষ্ণতা ও আর্দ্রতা।
আগামী মঙ্গলবার থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় গরমের দাপট থাকবে সবথেকে বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা আগামী তিন দিনে আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা পয়লা বৈশাখে ৩৭ ডিগ্রিতে পৌঁছাতে পারে, যদিও সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা বাড়লেও বড় কোনো সতর্কতা নেই। তবে দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস শিশু ও বয়স্কদের সতর্ক থাকতে বলেছে এবং বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছে।





