অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th Central Pay Commission) নিয়ে অবশেষে বড় খবর সামনে এল। কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বিভিন্ন ইউনিয়ন ও সমিতির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চলেছে কমিশন। আগামী ২৮, ২৯ এবং ৩০ এপ্রিল নয়াদিল্লিতে প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ৪ ও ৫ মে পুনেতে আলোচনার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।
ইতিমধ্যেই কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, আলোচনায় অংশ নিতে হলে সংশ্লিষ্ট সংগঠনগুলিকে কমিশনের ওয়েবসাইট (8cpc.gov.in)-এ গিয়ে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি জমা দিতে হবে। ২০ এপ্রিলের মধ্যে স্মারকলিপি জমা দিয়ে ‘ইউনিক মেমো আইডি’-সহ ইমেলের মাধ্যমে সাক্ষাতের সময় চেয়ে আবেদন করতে হবে। দিল্লি ও পুনে ছাড়াও মুম্বই এবং অন্যান্য রাজ্যেও আগামীতে এই আলোচনা চলবে বলে খবর।
অন্যদিকে, কমিশন চুক্তিভিত্তিক ‘পরামর্শক’ (Consultant) পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই পদের জন্য মাসিক ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত সম্মানী প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা ১০ এপ্রিল জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনেই আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি এবং নতুন ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের ক্ষেত্রে এই বৈঠকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।





