ভারতীয় সংগীত জগতের এক নক্ষত্রপতন ঘটল। ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে। লতা মঙ্গেশকরের প্রয়াণের পর তিনি নিজেকে কৌতুক করে বলতেন ‘শেষ মুঘল’। কিন্তু এই সাফল্যের পথ ছিল কণ্টকাকীর্ণ। লতার মতো মহীরুহের পাশে নিজের স্বতন্ত্র পরিচয় গড়াটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।
শুরুর দিকে দুই বোনের গলার স্বর প্রায় একই রকম ছিল। আশা দ্রুত বুঝেছিলেন, দিদিকে নকল করলে তিনি হারিয়ে যাবেন। তাই নিজেকে বদলে ফেলার এক অদ্ভুত জেদ চেপেছিল তাঁর মাথায়। নিজের গায়কী পাল্টাতে তিনি নিয়মিত শুনতেন স্প্যানিশ ও ইতালীয় গান। বিদেশি সুরের সেই ছোঁয়া তিনি দেশি সংগীতে মিশিয়ে এক নতুন বিপ্লব এনেছিলেন। লতা যখন মেলোডিতে শ্রেষ্ঠ, আশা তখন ক্যাবারে এবং পপ ঘরানায় নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তোলেন।
বার্ধক্যজনিত সমস্যা ও বুকে সংক্রমণ নিয়ে গত শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে রবিবার দুপুরে মাল্টি-অর্গান ফেলিওরের কারণে তাঁর জীবনাবসান হয়। সোমবার বিকেলে শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। সুরের আকাশ আজ থমকে গেলেও, তাঁর লড়াকু মানসিকতা আর অদ্বিতীয় কণ্ঠ চিরকাল অমর হয়ে থাকবে।





