জাতীয় রাজনীতির চেনা ছক ভেঙে এক বিরল সৌজন্যের সাক্ষী থাকল সংসদ চত্বর। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে যখন কথার লড়াই তুঙ্গে, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এক অভাবনীয় মুহূর্ত ফ্রেমবন্দি হলো। সমাজসংস্কারক মহাত্মা জ্যোতিরাও ফুলের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংসদের ‘প্রেরণা স্থল’-এ শ্রদ্ধা জানাতে গিয়ে দুই নেতার এই আন্তরিক কথোপকথন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
ভিডিয়োতে দেখা যায়, প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামার পরেই সেখানে উপস্থিত রাহুল গান্ধীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। রাজনীতির ময়দানে একে অপরের কট্টর সমালোচক হলেও, এদিনের আলাপচারিতায় দুই নেতার মধ্যেই এক ধরণের গাম্ভীর্য ও সৌজন্য লক্ষ্য করা গিয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে এই ‘মেগা ফ্রেম’ দেখে থমকে যান উপস্থিত সকলেই।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ইতিবাচক প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের মতে, মতাদর্শের লড়াই থাকলেও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার এমন সৌজন্যমূলক আচরণ সুস্থ রাজনীতিরই পরিচয় দেয়। রাজনৈতিক তিক্ততা সরিয়ে রেখে দুই শীর্ষ নেতার এই কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলা চলতি বছরের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে গণ্য হচ্ছে।





