টানা কয়েকদিনের ঝড়-বৃষ্টির দাপট শেষে ভোলবদল হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। মেঘলা আকাশ সরিয়ে আজ থেকেই রাজ্যে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে। তবে এই খবর স্বস্তির নয়, কারণ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উলটে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা এবং বাতাসে বাড়বে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার (১৩ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তিলোত্তমা কলকাতাতেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও, আগামী কয়েকদিনেই পারদ চড়বে হুহু করে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য জেলা যেমন দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শনি ও রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সোমবার থেকে সেখানেও শুকনো আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা কমে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও, সামগ্রিকভাবে রাজ্যের আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া হবে অত্যন্ত ভ্যাপসা ও গরম।





