আসন্ন নির্বাচনে বঙ্গজয়ের লক্ষ্যে ‘মাস্টারস্ট্রোক’ দিল বিজেপি। শুক্রবার নিউ টাউনে দলের ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করে বেকার যুবক ও মহিলাদের জন্য একগুচ্ছ যুগান্তকারী প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ ঘোষণা করেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বেকার যুবকদের এককালীন ১৫,০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও ৫ লক্ষ যুবককে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে, যার মধ্যে ৫ লক্ষ টাকাই হবে সরকারি অনুদান।
রাজ্যের মহিলা ভোটারদের মন পেতেও কোনও খামতি রাখেনি গেরুয়া শিবির। বর্তমান ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ১৫০০ টাকাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি জিতলে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন মহিলারা। সেই সঙ্গে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর করার অঙ্গীকার করেছেন তিনি। কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারকে বিঁধে শাহ আশ্বাস দেন, “যোগ্যতার ভিত্তিতেই স্থায়ী চাকরি হবে, ঘুষের বিনিময়ে নয়।” মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই এই ইস্তাহারের মূল লক্ষ্য বলে দাবি করেছেন শাহ।





