নির্বাচনের উত্তাপ বাড়তেই ফের অশান্ত হয়ে উঠল পাহাড়। বৃহস্পতিবার গভীর রাতে দার্জিলিংয়ের লোয়ার রেলিং এলাকায় অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)-র দুই কর্মীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটল। আহত দুই কর্মী, সংযোগ সুব্বা ও সত্যম সুব্বা বর্তমানে দার্জিলিং সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় সংযোগের হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সত্যমের মাথায় একাধিক গুরুতর আঘাত রয়েছে।
বিজিপিএম-এর অভিযোগ, বৃহস্পতিবার রাতে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে ৮-১০ জন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে একটি গাড়ি ফেলে যায়, যেখান থেকে বিজেপির পতাকা উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান জিটিএ-র চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “পাহাড়কে ফের অশান্ত করার চেষ্টা হচ্ছে। আমরা আইনি লড়াই লড়ব, তবে বিরোধীদের বলছি সীমা লঙ্ঘন করবেন না।”
অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপির দার্জিলিং হিল সভাপতি সঞ্জীব লামার দাবি, এটি বিজিপিএম-এর অভ্যন্তরীণ বিবাদ, বিজেপিকে অকারণে বদনাম করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে ভোটের মুখে এই রক্তক্ষয়ী সংঘর্ষ পাহাড়ের রাজনীতিতে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে।





