অনলাইন লেনদেনের যুগে গুগল পে বা ফোনপে-র মতো ইউপিআই ব্যবস্থার ওপর আমরা নির্ভরশীল হলেও, পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল জালিয়াতি। এই প্রতারণা রুখতে এবার বৈপ্লবিক পরিবর্তনের পথে হাঁটছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্কের নতুন প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টাকার বেশি অনলাইন লেনদেন করলে তা সঙ্গে সঙ্গে প্রাপকের কাছে পৌঁছাবে না; বরং ১ ঘণ্টা সময় নেবে।
এই এক ঘণ্টার সময়সীমা আসলে গ্রাহকদের জন্য একটি ‘সেফটি উইন্ডো’। যদি গ্রাহক বুঝতে পারেন যে তিনি ভুল করে বা প্রতারণার শিকার হয়ে টাকা পাঠিয়েছেন, তবে এই সময়ের মধ্যে তিনি লেনদেনটি বাতিল করতে পারবেন। তবে আপনার ‘হোয়াইট লিস্টে’ থাকা বিশ্বস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না; তাঁদের টাকা মুহূর্তেই পৌঁছে যাবে।
প্রবীণ নাগরিকদের সুরক্ষায় আরও কড়া পদক্ষেপের কথা ভাবছে আরবিআই। তাঁদের অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে কোনো বিশ্বস্ত ব্যক্তির অনুমোদনের প্রয়োজন পড়বে। এছাড়া বছরে ২৫ লক্ষ টাকার বেশি লেনদেন হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা আটকে রাখা হতে পারে। আগামী ৮ মে পর্যন্ত এই প্রস্তাবের ওপর আমজনতার মতামত চেয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।





