টলিউডে একের পর এক রহস্যময় অন্তর্ধান। পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার রেশ কাটতে না কাটতেই এবার রহস্যজনকভাবে বেপাত্তা সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা থেকে সৃজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।
শুক্রবার পরিচালক মৈনাক গুহ সোশাল মিডিয়ায় সৃজনের ছবি শেয়ার করে সাহায্যের আবেদন জানিয়েছেন। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ হাবরার বাড়ি থেকে বের হন সৃজন। সেই সময় তাঁর পরনে ছিল হলুদ টি-শার্ট, হাফ প্যান্ট এবং পায়ে কিটো জুতো। ঘনিষ্ঠদের ধারণা, পোশাক দেখে মনে হচ্ছে তিনি দূরে কোথাও যাওয়ার জন্য বের হননি। বর্তমানে তাঁর ফোনটিও সুইচ অফ রয়েছে। কোনো তথ্য পেলে ৮০১৭০২২৬৬৭ বা ৯৮৩৬৯৯৫৬৯৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে, গত ২ মার্চ থেকে পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ রহস্যের জট এখনও খোলেনি। নিমতার একটি ব্যাংকে বাবার অ্যাকাউন্টের কাজে গিয়ে আর ফেরেননি তিনি। স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের দাবি, দুপুরেও ফোনে কথা হয়েছিল, কিন্তু তারপর থেকেই তাঁর ফোনটি বন্ধ। টলিউডের দুই প্রতিভার এভাবে আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ইন্ডাস্ট্রির অন্দরে উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে।





