ভোটার তালিকা ‘ফ্রিজ’ হলেও কি মিলবে অধিকার? ১৩ এপ্রিল বড় সিদ্ধান্তের পথে শীর্ষ আদালত

নির্বাচনের ঠিক মুখে বাংলায় বাদ পড়া ভোটারদের ভাগ্য এখন সুপ্রিম কোর্টের হাতে। বিবেচনাধীন তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিরা ট্রাইব্যুনালে ‘পাশ’ করলেও এবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শুক্রবারও কোনও স্পষ্ট নিশ্চয়তা দিল না শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১৩ এপ্রিল।

আবেদনকারীদের আইনজীবী আদালতে জানান, নির্বাচন কমিশন ৯ এপ্রিল ভোটার তালিকা ‘ফ্রিজ’ বা চূড়ান্ত করে দিয়েছে, অথচ বহু আবেদন এখনও ট্রাইব্যুনালে বকেয়া। আবেদনকারীরা প্রত্যেকেই বৈধ পাসপোর্টধারী হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচী এই প্রেক্ষিতে মন্তব্য করেন, “একটি নির্বাচনের কাট-অফ তারিখ থাকে ঠিকই, কিন্তু ভোটার তালিকায় থাকা এবং ভোট দেওয়া একটি সাংবিধানিক অধিকার, যা অনেক বেশি স্থায়ী ও বৃহত্তর বিষয়।”

অন্যদিকে, কমিশনের আইনজীবী ডিএস নাইডু জানান, ৯ তারিখের পর তালিকা পরিবর্তনের সুযোগ কার্যত নেই। প্রধান বিচারপতি সূর্য কান্ত অবশ্য আবেদনকারীদের আশ্বস্ত করে বলেন, “আপনারা তো স্থায়ীভাবে বঞ্চিত হচ্ছেন না।” তবে এই নির্বাচনেই তাঁরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে কোনও আগাম প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছে আদালত। আগামী সোমবারের শুনানির দিকেই এখন তাকিয়ে কয়েক হাজার ভোটার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy