বাংলার বিধানসভা নির্বাচনের মহারণে এবার তুরুপের তাস সাজাচ্ছে বিজেপি। আজ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে প্রকাশিত হতে চলেছে বিজেপির নির্বাচনী সঙ্কল্প পত্র। সরকার গড়তে পারলে আগামী পাঁচ বছরে বাংলার ভোল বদলে দিতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তারই এক গুচ্ছ প্রতিশ্রুতির খতিয়ান থাকতে চলেছে এই দলিলে। বিশেষ করে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির আমূল সংস্কার এবং বিনিয়োগের মাধ্যমে ‘শিল্প বিপ্লব’ ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টিকেই পাখির চোখ করেছে গেরুয়া শিবির।
সূত্র মারফত জানা যাচ্ছে, বিজেপির এই সঙ্কল্প পত্রে মোট সাতটি প্রধান ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন এবং পরিকাঠামো বৃদ্ধি। তবে রাজনীতির ময়দানে সঙ্কল্প পত্রের বিষয়বস্তুর পাশাপাশি নাম নিয়েও শুরু হয়েছে তীব্র তরজা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ইস্তেহার’ শব্দটির ব্যবহার নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়ে বলেন, এটি একটি উর্দু শব্দ যা বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করতে ব্যবহৃত হয়। পাল্টা জবাবে তৃণমূল জানিয়েছে, ‘ইস্তেহার’ আসলে আরবি শব্দ এবং বিজেপির এই ভাষাতত্ত্ব কেবলই বিভাজনের রাজনীতি। সব মিলিয়ে ভোটমুখী বাংলায় এখন সঙ্কল্প পত্রের প্রতিশ্রুতি বনাম শব্দের লড়াইয়ে সরগরম রাজনৈতিক প্রেক্ষাপট।





