হরমুজে আটকে ভারতের ‘প্রাণভোমরা’! তেলের সংকট রুখতে মধ্যপ্রাচ্যে জয়শঙ্করের ম্যারাথন দৌড়

মধ্যপ্রাচ্যের ‘লাইফলাইন’ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে ভূ-রাজনৈতিক সংকট। ৪০ দিনের প্রলয়ঙ্কারী যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের নিজস্ব জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তেলের বাজার স্থিতিশীল রাখতে কোমর বেঁধে ময়দানে নেমেছে নয়াদিল্লি।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মরিশাসে ‘নবম ভারত মহাসাগর সম্মেলনে’ যোগ দিয়ে ওমান, সৌদি আরব এবং মিশরের বিদেশমন্ত্রীদের সঙ্গে জরুরি দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন। এরপরই তাঁর গন্তব্য সংযুক্ত আরব আমিরশাহী। অন্যদিকে, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী পাড়ি দিয়েছেন কাতারে। যুদ্ধের ফলে কাতারের এলএনজি প্ল্যান্টগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারত কত দ্রুত তার গ্যাস সরবরাহ পুনরুদ্ধার করতে পারবে, সেটাই এই সফরের মূল লক্ষ্য।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে ইরানকে টোল দেওয়ার বিষয়ে একেবারেই আগ্রহী নয় ভারত। দেশের ৮০ শতাংশ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত জরুরি। তাই যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে হরমুজ প্রণালী যাতে অবাধ ও করমুক্ত থাকে, তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলির সমর্থন আদায় করাই এখন দিল্লির প্রধান কূটনৈতিক লক্ষ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy