তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ কি তবেই সত্যি হতে চলেছে? রাজ্যের সংখ্যালঘু ভোট ভাগ করে আদতে কি বিজেপির রাস্তা পরিষ্কার করছেন হুমায়ুন কবীর? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি চাঞ্চল্যকর ভিডিও (যার সত্যতা যাচাই করেনি ডেইলিহান্ট) ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র চেয়ারম্যান হুমায়ুন কবীরকে সরাসরি বলতে শোনা যাচ্ছে যে, তাঁর একমাত্র লক্ষ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা।
সবচেয়ে বড় চমক হলো ভিডিওতে দাবি করা ‘ডিল’-এর অঙ্ক। হুমায়ুন কবীর দাবি করেছেন, রাজ্যের ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসনে ভোট কাটাকাটির খেলা খেলতে তাঁর প্রয়োজন প্রায় ১,০০০ কোটি টাকা! এর জন্য তিনি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে শুভেন্দু অধিকারী ও হিমন্ত বিশ্বশর্মার মতো বিজেপি হেভিওয়েটদের সঙ্গে যোগাযোগ রাখছেন। হুমায়ুনের পরিকল্পনা পরিষ্কার—সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে সরাতে পারলেই হিন্দু ভোট একজোট হয়ে বিজেপির ঝুলিতে যাবে। বিনিময়ে বিজেপি তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও ওই ভিডিওতে দাবি করা হয়েছে। ত্রিশঙ্কু বিধানসভা হলে তিনি যে বিজেপির জন্য ‘কিংমেকার’ হবেন, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি। এই ভিডিওর সত্যতা প্রমাণিত হলে বাংলার ভোট সমীকরণ যে আমূল বদলে যাবে, তা বলাই বাহুল্য।





