জুলাই অভ্যুত্থানের বীর প্রতীক আবু সাঈদ হত্যার দায়ে দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়।
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে কোটাবিরোধী আন্দোলন চলাকালে দুই হাত ছড়িয়ে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন আবু সাঈদ। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর সারাদেশে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে, যা ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। রায়ে তৎকালীন পুলিশ কমিশনার মনিরুজ্জামান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদসহ চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তৎকালীন সহকারী পুলিশ কমিশনারসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ একাধিক ছাত্রলীগ নেতাকর্মীকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়কে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিটিভিতে সরাসরি সম্প্রচারিত এই রায় ঘোষণার পর আদালত চত্বরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছে ছাত্র-জনতা।





