ভোটের ময়দানে যখন যুযুধান দুই পক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ি তুঙ্গে, ঠিক তখনই সৌজন্যের এক বিরল ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানে। বর্ধমান উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস প্রচারের মাঝেই সটান ঢুকে পড়লেন তৃণমূলের পার্টি অফিসে। সেখানে উপস্থিত তৃণমূল নেতাদের পা ছুঁয়ে প্রণাম করার পাশাপাশি হাত জোড় করে নিজের জন্য ভোটও চাইলেন তিনি।
বৃহস্পতিবার রায়ান ২ নম্বর অঞ্চলের ওই তৃণমূল কার্যালয়ে তখন উপস্থিত ছিলেন অঞ্চলের সভাপতি ধনঞ্জয় পাল-সহ একাধিক নেতা ও কর্মী। তাঁদের সামনে গিয়েই সঞ্জয় দাস আবেদন জানান, “আমাকে একটা সুযোগ দিন।” অতর্কিতে প্রতিপক্ষ প্রার্থীর এই উপস্থিতিতে প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও, তৃণমূল নেতৃত্ব তাঁকে সাদরে গ্রহণ করেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের পার্টি অফিসে বিজেপি প্রার্থীর এই অবাধ প্রবেশই প্রমাণ করে যে তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে বিজেপির বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ। গেরুয়া শিবিরের দাবি, বিরোধী দলের প্রতি এই সৌজন্যই ছিল বাংলার আসল সংস্কৃতি। কিন্তু দীর্ঘ ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল জমানায় সেই ঐতিহ্য হারিয়ে গিয়েছিল। বিজেপি প্রার্থী সেই হারিয়ে যাওয়া রাজনৈতিক সংস্কৃতি ও শিষ্টাচারকেই পুনরায় ফিরিয়ে আনতে চেয়েছেন। ভোটযুদ্ধের আবহে বর্ধমানের এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল।





