মোদীর ‘ছক্কা’! হলদিয়া থেকে বাংলার জন্য একগুচ্ছ বড় গ্যারান্টি ঘোষণা প্রধানমন্ত্রীর

ভোটমুখী বাংলায় দাঁড়িয়ে সরাসরি তৃণমূলের শাসন ও অর্থনৈতিক অব্যবস্থাকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে বাংলার মানুষের জন্য ছয়টি বড় গ্যারান্টি বা প্রতিশ্রুতি ঘোষণা করেন তিনি। দুর্নীতি নির্মূল, স্বচ্ছ প্রশাসন এবং রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যেই এই মেগা প্ল্যান সাজিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদীর ঘোষিত ছয়টি প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বড় চমক হলো সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর করার আশ্বাস। তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় এলে সরকারি কর্মচারীরা তাঁদের প্রাপ্য অধিকার ফিরে পাবেন।” পাশাপাশি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সব ধরণের ‘গুণ্ডাগিরি’ ও সিন্ডিকেট রাজ বন্ধ করার কঠোর বার্তা দেন তিনি। শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনার পাশাপাশি মোদী স্পষ্ট ঘোষণা করেন যে, বাংলায় কোনোভাবেই অনুপ্রবেশকারীদের বরদাস্ত করা হবে না এবং তাঁদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর দাবি, তৃণমূলের আমলে উন্নয়ন থমকে গিয়েছে। তাই রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করতে এবং নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিজেপি দায়বদ্ধ। হলদিয়ার এই বিশাল সমাবেশে মোদীর প্রতিটি প্রতিশ্রুতি ঘিরে কর্মী-সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশনের টোপ শাসক শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy