ভোটবঙ্গে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ায় জনসভা থেকে বাংলার ‘মাছ-ভাত’ আবেগ ছুঁয়ে তৃণমূলের দুর্নীতি ও উন্নয়ন নিয়ে তোপ দাগেন তিনি। প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণমূলের অপশাসনে বাংলা আজ মাছ উৎপাদনেও পিছিয়ে পড়েছে। অথচ কেন্দ্রের মৎস্য সম্পদ যোজনা (PMMSY) বা বিমার সুবিধা বাংলার মৎস্যজীবীরা পান না।
মোদীর দাবি, প্রকল্পের নামের শুরুতে ‘পিএম’ (PM) শব্দটি থাকাতেই তৃণমূলের যত অনীহা। তিনি বলেন, “অহংকারী তৃণমূলের পিএম শব্দে ঘৃণা। ভারতের সংবিধানকে অপমান করে তারা নাম বদলে দেয় অথবা কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করতে বাধা দেয়।” উদাহরণ হিসেবে তিনি পিএম আবাস যোজনা ও আয়ুষ্মান ভারতের কথা উল্লেখ করে বলেন, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলার মানুষ ও রোগীরা।
হলদিয়ার মঞ্চ থেকে বাংলাকে ৬টি বড় ‘গ্যারান্টি’ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সপ্তম পে কমিশন লাগু হবে এবং সরকারি কর্মীরা ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন। পাশাপাশি নারীদের প্রতি হওয়া অপরাধের ফাইল খোলার হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, “দুর্নীতিবাজরা জেলে থাকবে এবং অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বের করে দেওয়া হবে।”





