দেড় দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের মসনদে থাকলেও, ব্যক্তিগত সম্পত্তির নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেই একই ‘সাদামাটা’ জীবনধারা বজায় রেখেছেন। বুধবার ভবানীপুর উপনির্বাচনের জন্য আলিপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। হলফনামা অনুযায়ী, রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রীর নামে আজও কোনও এক চিলতে জমি কিংবা নিজস্ব বাড়ি নেই। এমনকী তাঁর কোনও ব্যক্তিগত গাড়িও নেই। কালীঘাটের যে বাড়িতে তিনি থাকেন, সেটিও তাঁর নিজের নামে নয়।
মনোনয়ন অনুযায়ী, মমতার হাতে বর্তমানে নগদ রয়েছে মাত্র ৭৫,৭০০ টাকা। ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে ১২.৭৬ লক্ষ টাকা। ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনা থাকলেও ৫ বছরে তাঁর মোট অস্থাবর সম্পত্তি ১.৩৪ লক্ষ টাকা কমে দাঁড়িয়েছে ১৫.৩৭ লক্ষ টাকায়। আয়ের উৎস হিসেবে রয়্যালটি ও ব্যাঙ্কের সুদের কথা উল্লেখ করেছেন তিনি। শিক্ষাগত যোগ্যতার দীর্ঘ তালিকার পাশাপাশি হলফনামার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো— তাঁর নামে কোনও থানায় একটিও এফআইআর বা ফৌজদারি মামলা নেই। ২০২১-এর নন্দীগ্রামের হারের পর এবার ঘরের মাঠ ভবানীপুরে তাঁর প্রধান প্রতিপক্ষ সেই শুভেন্দু অধিকারীই।





