ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। বুধবার ভোরে নয়ডার মেট্রো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রবীণ কংগ্রেস নেত্রী মহসিনা কিদওয়াই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
১৯৬০ সালে মাত্র ২৮ বছর বয়সে রাজনৈতিক সফর শুরু করা মহসিনা ছিলেন ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী—উভয় প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। উত্তরপ্রদেশের বিধায়ক থেকে শুরু করে লোকসভা ও রাজ্যসভার সাংসদ হিসেবে প্রায় ছয় দশক তিনি ভারতীয় রাজনীতির কেন্দ্রে ছিলেন। ১৯৭৭-এর বিপর্যয়ের পর ১৯৭৮-এর উপনির্বাচনে জিতে কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলেন এই নেত্রীই। এমনকি ২০২২ সালে দলের সভাপতি নির্বাচনে শশী থারুরের নাম প্রস্তাব করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন শেষ বয়স পর্যন্ত তিনি কতটা সক্রিয়।
মল্লিকার্জুন খাড়গে তাঁকে ‘কঠিন সময়ের কাণ্ডারি’ হিসেবে অভিহিত করেছেন। রাহুল গান্ধী টুইটে লিখেছেন, “তিনি ছিলেন কংগ্রেসের এক অনুগত সৈনিক, যাঁর জনসেবা আগামী প্রজন্মের কাছে আদর্শ হয়ে থাকবে।”





