পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে সাংগঠনিক দৈন্যদশা আরও একবার প্রকট হল প্রদেশ কংগ্রেসের। বাম ও আইএসএফ-এর সঙ্গ ছেড়ে এবার রাজ্যে একাই লড়ছে ‘হাত’ শিবির। কিন্তু এই ‘একলা চলো রে’ লড়াইয়ের ময়দানে প্রার্থী ঠিক করতেই হিমশিম খাচ্ছে তারা। বুধবার প্রকাশিত নতুন তালিকায় বড়সড় রদবদল ঘটিয়ে আটটি আসনের নাম ঘোষণা করল কংগ্রেস, যার মধ্যে সাতটিতেই আগের প্রার্থী বদলে ফেলা হয়েছে।
সবচেয়ে বড় চমক হাবড়া আসনে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিদায়ী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কংগ্রেসের বাজি প্রণব ভট্টাচার্য। অন্যদিকে, নদিয়ার দুই আসন নাকাশিপাড়া ও চাপড়ায় নিচুতলার কর্মী-সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে নতিস্বীকার করে যথাক্রমে তাহির শেখ ও আসিফ খানকে প্রার্থী করা হয়েছে। বিশেষ করে চাপড়ায় রাহিদুল মণ্ডলের বদলে আসিফকে প্রার্থী করার দাবিতে প্রদেশ কংগ্রেস দফতরে যে বিক্ষোভ হয়েছিল, তারই ফলশ্রুতি এই বদল বলে মনে করা হচ্ছে।
এছাড়া দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে চাঁদ সরদার, উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় সুনয়না বিশ্বাস এবং পূর্ব বর্ধমানের রায়না, কেতুগ্রাম ও আউশগ্রামে যথাক্রমে পম্পা মালিক, আবু বক্কর ও তাপস বরালকে প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, মালদা ও মুর্শিদাবাদের বাইরে কংগ্রেসের সংগঠন কার্যত নড়বড়ে। বারবার এই প্রার্থী বদল প্রমাণ করছে যে, নিচুতলার কর্মীদের আস্থা ও জয়ের সমীকরণ মেলাতে রীতিমতো কালঘাম ছুটছে কংগ্রেস হাইকমান্ডের।





