বাংলার পর্যটন ও চা বলয়ের দুর্দশার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজার ও নাগরাকাটায় নির্বাচনী প্রচারে এসে তিনি অভিযোগ করেন, পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজ্য সরকারের উদাসীনতায় পশ্চিমবঙ্গ আজ অন্য রাজ্যগুলোর তুলনায় অনেক পিছিয়ে। তাঁর দাবি, কেন্দ্র কয়েকশ কোটি টাকার প্রকল্প দিলেও রাজ্য তা গ্রহণ করেনি।
নাগরাকাটার বিজেপি প্রার্থী পুনা ভেংড়ার সমর্থনে আয়োজিত কর্মিসভায় শেখাওয়াত চা শ্রমিকদের বঞ্চনা নিয়ে সরব হন। তিনি প্রতিশ্রুতি দেন, “রাজ্যে বিজেপি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই চা শ্রমিকদের জন্য কেরল ও তামিলনাড়ুর ধাঁচে নতুন বেতন কাঠামো তৈরি করা হবে।” পিএফ এবং পে-কমিশন নিয়ে রাজ্যে ‘দুর্নীতি’ চলছে বলেও তোপ দাগেন তিনি। সভা শেষে মালবাজারের একটি ক্যাফেতে স্থানীয় নেতৃত্বের সঙ্গে ‘চা-চক্র’-এ যোগ দেন এবং বালাজি মন্দির পরিদর্শন করেন মন্ত্রী।
পাল্টা আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবিরও। জলপাইগুড়ি জেলা তৃণমূলের সম্পাদক অমিত দে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি নস্যাৎ করে বলেন, “নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে বিজেপি প্রলাপ বকছে। আগে নিজেদের শাসিত রাজ্য অসমের চা শ্রমিকদের দুর্দশার দিকে তাকাক বিজেপি।” ভোটের মুখে ডুয়ার্সের মাটিতে পর্যটন আর চা শ্রমিকদের ইস্যু নিয়ে এখন যুযুধান দুই পক্ষ।





