ভোটের আবহে এবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধের হুঁশিয়ারি দিয়ে বিতর্কের শিরোনামে পূর্ব বর্ধমানের মেমারির এক দাপুটে তৃণমূল নেত্রী। মেমারি ১ নম্বর ব্লকের মহিলা তৃণমূল সভানেত্রী গীতা দাসের একটি মন্তব্য ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে গীতা দেবী সাফ জানান, “যাদের বাড়ির দেওয়ালে পদ্ম আঁকা আছে, তারা যদি তা মুছে না ফেলে, তবে তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে।”
এখানেই থামেননি তিনি। প্রকাশ্য জনসভায় বিরোধী সমর্থকদের আক্রমণ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করতে লজ্জা হওয়া উচিত। ওরা মোদীর থেকে মদ আর মাংস খাওয়ার টাকা নিচ্ছে আর দেওয়ালে পদ্ম আঁকছে। বিজেপি ভোট চাইতে এলে ঝাঁটা নিয়ে তাড়া করবেন।” এই মন্তব্য ছড়িয়ে পড়তেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি ও সিপিআইএম। মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “পায়ের তলায় মাটি নেই বলেই তৃণমূল নেতারা হুমকি দিচ্ছেন। ব্যালট বক্সেই মানুষ এর জবাব দেবে।” সিপিআইএম প্রার্থী কৃশানু ভদ্র বিষয়টিকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন।
যদিও নিজের মন্তব্যে অনড় গীতা দাস। তাঁর যুক্তি, “তৃণমূল কর্মীরাই কষ্ট করে সবার ফর্ম ফিলাপ করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা ভোগ করবেন অথচ দেওয়ালে পদ্ম আঁকবেন, এটা মেনে নেওয়া যায় না। লক্ষ্মীর ভাণ্ডার রাখতে হলে পদ্মফুল আঁকা যাবে না।” সরকারি প্রকল্পের সঙ্গে দলীয় রাজনীতির এই সংযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও দানা বেঁধেছে মিশ্র প্রতিক্রিয়া।





