বলিউডে ফের একবার বন্ধুত্বের জটিল সমীকরণ আর গ্ল্যামারের ছটা নিয়ে ফিরছে ‘ককটেল ২’। সম্প্রতি ছবির তিন প্রধান চরিত্র রশ্মিকা মন্দানা, শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন তাঁদের ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই উত্তেজনার পারদ চড়েছে। ছবিতে রশ্মিকাকে দেখা যাবে চঞ্চল ও মায়াবী ‘দিয়া’-র চরিত্রে। অন্যদিকে, শাহিদ কাপুরের ‘কুণাল’ চরিত্রটি বেশ ধারালো ও আত্মবিশ্বাসী। সাহসিকতা আর স্বাধীনচেতা মেজাজে ‘অ্যালাই’ চরিত্রে ধরা দিয়েছেন কৃতি শ্যানন।
তবে নির্মাতারা স্পষ্ট করে দিয়েছেন, এটি ২০১২ সালের ‘ককটেল’-এর সরাসরি সিক্যুয়েল নয়, বরং একটি ‘ভাইব সিক্যুয়েল’। কৃতি শ্যানন জানিয়েছেন, ছবির গল্প এবং প্রেক্ষাপট সম্পূর্ণ নতুন। হোমি আদজানিয়ার পরিচালনায় এবং লভ রঞ্জনের কলমে এই ছবির শুটিং হয়েছে সিসিলি ও দিল্লি এনসিআর-এর মতো চোখধাঁধানো লোকেশনে।
রশ্মিকা এই টিমকে ‘বিশৃঙ্খল কিন্তু সুন্দর গ্যাং’ বলে অভিহিত করেছেন, যা থেকে স্পষ্ট যে ছবিতে ভরপুর মজা, ড্রামা আর রোম্যান্স থাকবে। ছবির প্রথম গান ‘যব তলক’ মুক্তি পেতে চলেছে আগামীকাল। ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবিটি আগামী ১৯ জুন বড়পর্দায় ঝড় তুলতে তৈরি।





