ভোটের আবহে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার অশোকনগর। সোমবার রাতে রাজীবপুর এলাকায় এক মুদি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পেশায় ব্যবসায়ী রাকেশ মণ্ডল সোমবার ঝোড়ো বৃষ্টির রাতে দোকান বন্ধ করে এক সহকর্মীর সাথে বাইকে করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ির মাত্র ১০০ মিটার আগে চারটি মুখ ঢাকা দুষ্কৃতী তাঁদের পথ আটকায়।
আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাকেশের গলা থেকে সোনার চেইন ও লকেট ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। পালানোর সময় এক দুষ্কৃতী বাইকে উঠতে না পারায় রাকেশ সাহসের সাথে তাদের ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। ভাগ্যক্রমে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি গাছে লাগে। প্রাণভয় উপেক্ষা করে রাকেশ প্রায় কয়েক কিলোমিটার ধাওয়া করলেও দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে, শুরু হয়েছে পুলিশি তদন্ত।





