উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে ফের ঘনিয়ে উঠল অনুপ্রবেশের ছায়া। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ১১২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা এক বিশেষ অভিযান চালায়। সেই অভিযানেই স্বরূপনগর সংলগ্ন সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি মহিলা এবং তাঁকে সাহায্য করা এক ভারতীয় দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে খবর।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত মহিলা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাঁকে সীমান্ত পার করতে সাহায্য করছিল স্থানীয় এক দালাল চক্রের সদস্য। লোকসভা নির্বাচনের মুখে সীমান্ত এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, তার মাঝেই এই অনুপ্রবেশের চেষ্টা বিএসএফের তৎপরতায় ব্যর্থ হল। ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃত দালালকে জেরা করছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী।





