আপ-এ বড়সড় ডামাডোল! রাঘব চাড্ডাকে ছেঁটে ফেললেন কেজরিওয়াল? জল্পনা তুঙ্গে

আম আদমি পার্টিতে (আপ) বড়সড় রদবদল। রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হল তরুণ সাংসদ রাঘব চাড্ডাকে। তাঁর পরিবর্তে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ অশোক মিত্তলকে। শুধু পদ থেকে সরানোই নয়, রাজ্যসভা সচিবালয়ে চিঠি দিয়ে চাড্ডাকে সংসদে বক্তব্য রাখার সময় না দেওয়ার জন্যও আবেদন জানিয়েছে দল।
দলের এই নজিরবিহীন সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় ভিডিও পোস্ট করেন রাঘব। ৩ মিনিটের সেই ভিডিওতে সংসদে তাঁর বলিষ্ঠ ভাষণের মুহূর্তগুলি ফুটে উঠলেও, কোনও লেখা ছাড়াই তিনি ব্যবহার করেছেন একটি ‘নজর’ (Evil Eye) ইমোজি। রাজনৈতিক মহলের ধারণা, অশুভ শক্তির হাত থেকে নিজেকে রক্ষার বার্তাই দিতে চেয়েছেন তিনি।
২০২৫-এর দিল্লি নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের মূল প্রচারের বদলে দূষণ বা বিমান ভাড়ার মতো সাধারণ ইস্যু নিয়ে সরব ছিলেন রাঘব। এমনকি অসমের বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকাতেও তাঁর নাম নেই। এই দূরত্ব কি তবে দলত্যাগের ইঙ্গিত? জল্পনা এখন তুঙ্গে।