ধোনি নেই বলে হারছে চেন্নাই? এবার মাঠের বাইরে থেকেই বড় চমক দিলেন এমএস

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝে হঠাৎ করেই শিরোনামে এম এস ধোনি। ১ এপ্রিল সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে—তাহলে কি চোট সারিয়ে মাঠের লড়াইয়ে ফিরছেন ‘ক্যাপ্টেন কুল’? একদিকে চেন্নাই সুপার কিংসের ভক্তদের উচ্ছ্বাস, অন্যদিকে ভিডিওর সত্যতা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
কাফ স্ট্রেইন বনাম ভাইরাল ভিডিও কয়েকদিন আগেই সিএসকে (CSK) শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, কাফ স্ট্রেইনের কারণে মরসুমের প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না ধোনি। বর্তমানে তিনি রিহ্যাবিলিটেশনে রয়েছেন। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অন্য চিত্র! সেখানে কিটব্যাগ কাঁধে নিয়ে নেট সেশনে ঢুকতে দেখা গেছে ধোনিকে। অন্য একটি ভিডিওতে তাঁকে স্বচ্ছন্দ্যে ব্যাটিং প্র্যাক্টিস করতেও দেখা গেছে। যদিও সেখানে তিনি খুব জোরে শট না মেরে টাইমিং এবং রিদমের ওপর জোর দিচ্ছিলেন।
এপ্রিল ফুল নাকি বাস্তবের কামব্যাক? ভিডিওটি ভাইরাল হওয়ার দিনটি ছিল ১ এপ্রিল। ফলে নেটিজেনদের একাংশের দাবি, ভক্তদের ‘এপ্রিল ফুল’ বানাতে পুরোনো কোনো ভিডিও নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ধোনি নিজে বা চেন্নাই কর্তৃপক্ষ এখনও এই নিয়ে একটি শব্দও খরচ করেনি। তবে ধোনির মাঠে নামার এই দৃশ্য ভক্তদের মনে আশার আলো জাগিয়েছে।
ধোনি-হীন সিএসকে-র দুর্দশা মাঠে ধোনির অনুপস্থিতি কতটা প্রভাব ফেলছে, তা প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে গেছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ১২৭ রানেই গুটিয়ে গিয়েছিল চেন্নাইয়ের ইনিংস। বড় কোনো পার্টনারশিপ গড়া তো দূর, ধোনির ফিনিশিং টাচ আর মগজাস্ত্রের অভাবে দিশেহারা দেখিয়েছে রুতুরাজ গায়কোয়াড়দের। ক্রিকেট বিশ্লেষকদের মতে, ধোনি কেবল একজন খেলোয়াড় নন, তিনি মাঠে থাকা মানেই বিপক্ষ দলের ওপর বাড়তি মানসিক চাপ।
এখন দেখার, এই ভিডিওটি কি সত্যিই মাহির কামব্যাকের সংকেত, নাকি নিছকই ১ এপ্রিলের রসিকতা? উত্তর মিলবে সিএসকে-র আগামী ম্যাচগুলোর দল ঘোষণার পরেই।