“সবই অমিত শাহের চক্রান্ত!” মালদহকাণ্ডে বিস্ফোরক মমতা, চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

মালদহের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রণংদেহি মেজাজে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সাগরদিঘির নির্বাচনী জনসভা থেকে এই ইস্যুতে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানিয়েছেন তিনি। মমতা সাফ জানান, “কালকের একটি ঘটনা সব পরিকল্পনা করে নষ্ট করে দেওয়া হয়েছে। এর পিছনে অমিত শাহের হাত রয়েছে। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত রক্ষা করতে পারছেন না, আর বিজেপি করতে গিয়ে দেশটাকে শেষ করছেন। আমি ওঁর পদত্যাগ দাবি করছি।”

এদিন মুখ্যমন্ত্রীর গলায় ঝরে পড়েছে তীব্র আক্ষেপ ও অভিমান। প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন, “রাজ্যের মুখ্যসচিব (CS) বা ডিজি (DG) এখন আমায় কোনো রিপোর্ট দেন না। প্রশাসনের সব ক্ষমতা আমার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি সাংবাদিকদের কাছ থেকে মালদহের ঘটনা জানতে পেরেছি। যদি সব দায়িত্ব আপনাদের হাতেই থাকে, তবে আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছেন না কেন?”

মমতা আরও অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসনের অভিজ্ঞ আধিকারিকদের ইচ্ছামতো বদলি করে দেওয়ার ফলেই নজরদারিতে ফাঁক থেকে যাচ্ছে। কংগ্রেসকেও রেয়াত না করে তিনি বলেন, “মাথায় পাগড়ি বাঁধলেই হয় না, বিপদের সময় আপনারা কোথায় ছিলেন?” বাংলা ও বাঙালির অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়ে মমতা সাধারণ মানুষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।