বিপদের মুখে ইন্দ্রনীল? ‘নারীনির্যাতনের মতোই নিন্দনীয় ক্ষমতার অপব্যবহার’, সাংসদ কাকলির ইঙ্গিতপূর্ণ পোস্টে তোলপাড়!

ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পরই বিস্ফোরক পোস্ট সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের! রাজনৈতিক মহলে চরম জল্পনা
কলকাতা: প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য। ঠিক এই আবহে সোশাল মিডিয়ায় শাসক দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের একটি তাৎপর্যপূর্ণ পোস্ট ঘিরে রাজনৈতিক অলিন্দে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও নিজের পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ করেননি তিনি, তবে তাঁর বক্তব্যের সময়সীমা এবং ইঙ্গিতপুর্ণ ভাষা নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন।
কী লিখেছেন তৃণমূল সাংসদ? নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন, ‘নারী নির্যাতন ও খুনের মতোই নিন্দনীয় ক্ষমতার অপব্যবহার করে মহিলাদের ভোগ করা। ধৃত মন্ত্রী একা নয়, সহযোগীদের জন্য কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
রহস্য বাড়াচ্ছেন ‘সহযোগী’রা! সাংসদের এই বার্তার বিশেষ করে ‘ধৃত মন্ত্রী একা নয়, সহযোগীদের জন্য কড়া ব্যবস্থা নেওয়ার দাবি’ সংক্রান্ত অংশটি কেন্দ্র করেই জোর চর্চা শুরু হয়েছে। ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরপরই এই পোস্ট প্রকাশ হওয়ায় রাজনীতির অভিজ্ঞ মহল মনে করছেন, ইঙ্গিতটি সরাসরি প্রাক্তন মন্ত্রী এবং তাঁর সম্ভাব্য ঘনিষ্ঠ বৃত্তের দিকেই।
তবে কি দুর্নীতির পাশাপাশি অন্য কোনো অনিয়ম ও প্রভাব খাটানোর বিষয়ও আড়ালে রয়ে গিয়েছে? কাকলির এই পোস্ট কি দলের ভেতরেরই কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি কোনো নতুন বিস্ফোরক তথ্যের ইঙ্গিত—তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তুমুল কৌতুহল।