হাত বাদ দেওয়ার উপক্রম! মরণ কামড় দিয়ে আইপিএলে ফিরলেন লখনউয়ের এই পেসার

ক্রিকেট ইতিহাসে চোট-আঘাত অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দিয়েছে। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের বাঁ-হাতি পেসার মোহসিন খানের গল্পটা স্রেফ চোটের নয়, মৃত্যুর মুখ থেকে ফিরে আসার। আইপিএল ২০২৬-এ নিজের প্রথম ওভারটিই মেডেন দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, লড়াই এখনও শেষ হয়নি। অথচ আজ থেকে দু-বছর আগে পরিস্থিতি এমন ছিল যে, চিকিৎসকরা তাঁর হাত কেটে ফেলার কথা ভেবেছিলেন।

২০২২ সালের আইপিএলে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন মোহসিন। কিন্তু হঠাৎই তাঁর বাঁ কাঁধের ধমনীতে এক বিরল সমস্যা (Aneurysm) ধরা পড়ে। হাত ও কবজিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসহ্য যন্ত্রণায় দিন কাটত তাঁর। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে যখন তাঁকে ভর্তি করা হয়, তখন চিকিৎসকরা আশঙ্কা করেছিলেন যে তাঁর হাতটি হয়তো আর রক্ষা করা যাবে না। প্রায় ৪৫০ দিন মাঠের বাইরে থেকে মৃত্যুর সমান যন্ত্রণার সঙ্গে লড়াই করে ২০২৩ সালে তিনি ফেরেন ২২ গজে।

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে মোহসিন যেন সেই পুরনো ছন্দে। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ১টি মেডেন ওভার করেন তিনি। যদিও দিল্লি ক্যাপিটালসের কাছে লখনউ ম্যাচটি হেরে গিয়েছে, তবুও মোহসিন খানের এই কামব্যাক রূপকথার চেয়ে কম কিছু নয়। হার না মানা জেদ আর অদম্য সাহসের জোরেই মোহসিন আজ আবার জাতীয় দলের নির্বাচকদের রাডারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy