পশ্চিম এশিয়ার যুদ্ধ এখন আর শুধু মানচিত্র বা তেলের ট্যাঙ্কারে সীমাবদ্ধ নেই, তার প্রভাব এবার সরাসরি পৌঁছে যাচ্ছে আমজনতার বেডরুমে। বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটের জেরে কন্ডোম উৎপাদনকারী সংস্থাগুলো এখন চরম অস্তিত্ব সংকটে। ভারতে বছরে প্রায় ৪০০ কোটি ইউনিট কন্ডোম উৎপাদন হয়, যা প্রায় ৮ হাজার কোটি টাকার এক বিশাল শিল্প। কিন্তু যুদ্ধের কারণে পেট্রোকেমিক্যাল সরবরাহ বিঘ্নিত হওয়ায় কন্ডোম তৈরির অপরিহার্য কাঁচামালে টান পড়েছে।
কন্ডোমে লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত সিলিকন অয়েল এবং ল্যাটেক্সের নমনীয়তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়ার জোগানে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে। জানা যাচ্ছে, অ্যামোনিয়ার দাম এক ধাক্কায় ৪০ থেকে ৫০ শতাংশ বাড়তে চলেছে। এর পাশাপাশি প্যাকিংয়ের জন্য ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েলের দামও ঊর্ধ্বমুখী। এর ফলে ম্যানকাইন্ড ফার্মা, এইচএলএল লাইফকেয়ার এবং কিউপিডের মতো বড় সংস্থাগুলো প্রবল চাপের মুখে। ইতিমধ্যেই ম্যানকাইন্ড ফার্মার শেয়ার দর ৭ শতাংশ পড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সরবরাহ ৩৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে খুচরো বাজারে কন্ডোমের দামে।





