বুধবারের বিচারক নিগ্রহের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে ফের রণক্ষেত্রের চেহারা নিল মালদহ। পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশ মানুষ। টায়ার জ্বালিয়ে এবং বাঁশের ব্যারিকেড দিয়ে কার্যত স্তব্ধ করে দেওয়া হয় যান চলাচল। বিক্ষোভকারীদের দাবি পরিষ্কার— বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কেন তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল? এই সমস্যার সমাধান না হলে এবার সরাসরি ‘ভোট বয়কট’-এর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালদহ থানার পুলিশের পাশাপাশি বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার রাতে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে প্রায় সাড়ে সাত ঘণ্টা আটকে রাখার ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়। সেই রেশ না কাটতেই বৃহস্পতিবার বৈষ্ণবনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে নতুন করে অশান্তি ছড়ানোয় কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। বুধবারের বিক্ষোভে আলম শেখ নামে এক যুবক জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসন চার দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।





